কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভিসি বাসায় হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা ৪ মামলা প্রত্যাহারে আরো ৭ দিন সময় দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অন্যথায় সারাদেশে ক্লাশ ও পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে তারা।
একইসঙ্গে ভিসির বাসা হামলায় সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে সনাক্তের দাবিও জানিয়েছে তারা। আন্দোলনকারীদের নানাভাবে হুমকি অব্যাহত থাকায় উদ্বেগ জানান পরিষদ নেতারা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুই দিনের মধ্যে প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলো আন্দোলনকারীরা। অন্যথায় আন্দোলনেরও হুমকি দিয়েছিলো তারা।
দুই দিন পর আন্দোলনের নেতৃত্বদারী সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুনের অনুপস্থিতিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এ সময় তারা বলেন, আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তাদের আজ হয়রানি ও হুমকির শিকার হতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের খুজে বের করতে আইনশৃঙ্খলাবাহিনীদের আহ্বান জানিয়েছেন সংগঠনের যুগ্ম আহবায়ক। অজ্ঞাতনামাদের বিরুদ্ধের দায়ের করা মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহারেও আহ্বান জানান তারা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর, আন্দোলনের সময় নিহত হয়েছে বলে যার নামে গুজব ছড়ানো হয়েছিলো। তিনি অভিযোগ করেছেন, দুস্কৃতিকারী এই আন্দোলন থেকে ফায়দা নিতে গুজব ছড়িয়েছে।
ভিসির বাসায় হামলা চালিয়েছে। এর বিচার চান তিনি।