এসএসসি পরীক্ষা চলাকালে সৃজনশীল অংশের প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় কোনো বিষয়ের পরীক্ষা বাতিল হচ্ছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রশ্নফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে সুপারিশের ভিত্তিতে শিক্ষামন্ত্রী নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, এসএসসিতে সৃজনশীল অংশের (৭০ নম্বর) কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি তাই ২০১৮ সালের এসএসসির কোনো বিষয়ের পরীক্ষা বাতিল হবে না।
এসএসসি পরীক্ষার ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ের শুধু এমসিকিউ অংশের ‘খ’ সেটের ৩০ নম্বরের ৪টি সেটের একটি সেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের তিনি আরো বলেন, পরীক্ষার আগে এমসিকিউ প্রশ্ন পেয়েছে মাত্র পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী— এ কারণে কোনো পরীক্ষা বাতিল করা হবে না। তবে এ সৃজনশীল বিষয়ের কোনো প্রশ্ন ফাঁস হয়নি।’
আগামী ৬ মে এসএসসি সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।