এবার একাদশ শ্রেণীতে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে আবেদন করতে গিয়ে বিপাকে পড়ছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অভিযোগ আবেদন করতে গিয়ে তারা দেখেন আগেই অন্য কোনও কলেজে আবেদন করা হয়েছে। কোথায় করা হয়েছে সেটিও তারা জানতে পারছেন না।
এমন অভিযোগ নিয়ে কয়েকশ শিক্ষার্থী এরই মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে এসে অভিযোগ জানিয়েছেন। এছাড়া সার্ভার সমস্যা, ফিরতি এসএমএস না পাওয়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
বোর্ড কর্তপক্ষ গণমাধ্যমকে বলেছেন শিক্ষার্থী না পাওয়ার আশংকায় কোনও কোনও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিজেরাই নিজেদের কলেজে চয়েস দিয়ে আবেদন করে রাখতে পারে।বোর্ড বিষযটি নিয়ে অনুসন্ধান করছে।
এ জন্য বোর্ডে একটি সেলও খোলা হয়েছে। অভিযোগকারিদের মূল কপি দেখে লিখিত আবেদন নেয়া হচ্ছে। এরপর তা পরীক্ষা নিরীক্ষা করে আগের ভর্তি আবেদন বাতিল করে নতুনভাবে আবেদন করার সুযোগ করে দেওয়া হচ্ছে।
একই কলেজে এমন একাধিক ভুয়া আবেদনের বিষয়ে অবিযোগ পেলে ওই কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৩ মে থেকে একাদশে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৪ জুন পর্যন্ত।