শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তির দাবিতে আবারো রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারিরা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তারা হুঁশিয়ারি দেন।
এমপিওভুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তয়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, বাজেটে অর্থ বরাদ্দ না থাকায় শিক্ষামন্ত্রীর আশ্বাস যথেষ্ট নয়।
এভাবেই এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকালে অবস্থান কর্মসূচিতে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা।
কোনো বেতন-ভাতা না থাকার কারণে মানবেতর জীবনযাপন কষ্ট সইতে না পেরে এই অবস্থান কর্মসূচিতে আসা ছাড়া কোনো উপায় ছিল না বলে জানান তারা।
অভাব অনটনে বিপর্যস্ত এসব শিক্ষকরা শিক্ষার্থী এবং নিজ পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানান।
শিক্ষামন্ত্রীর এই সমস্যা সমাধানে কোনো আগ্রহ নেই অভিযোগ করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তাবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।
এর আগে ২৫ বার একই দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কোনো ফল হয়নি তাই এবার যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ রাজপথ ছাড়া হবে না বলেও জানান সংগঠনটির নেতারা।