আন্দোলন কিংবা ক্লাশ বর্জন নয় আলোচনার মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়টি সমাধানে এ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থী- শিক্ষকদের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষক সমাজ।
কারও ষড়যন্ত্রে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অস্থিতিশীল না করতেও আহ্বান জানিয়েছেন তারা।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শিক্ষক সমাজ এ আহ্বান জানান।
এদিকে, কোটা আন্দোলনের সঙ্গে জড়িতে নেতাদের মুক্তি, শিক্ষক- শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিপক্ষে রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকালে কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করে সচেতন শিক্ষক সমাজ।
আন্দোলনের হুমকি না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক সমাজের সভাপতি মাকসুদ কামাল।
এদিকে দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষক- শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের নেতাদের মুক্তিরও দাবি জানান তারা।