নিরাপদ সড়কের দাবিতে শনিবার টানা সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
সকাল সাড়ে দিকে শান্তিনগর মোড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয়। একই সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঝিগাতলা মোড়ে এসে জড়ো হয়। মোড়ে মোড়ে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কমলমতি শিক্ষার্থীরা।
মালিবাগে আবুল হোটেলের সামনে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। আসাদগেট মোড়ের জড়ো হয়েছে শিক্ষার্থীরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আজও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে। সকাল ১০টার পর তারা গোলচত্বরে হারুন মোল্লা ট্রাফিক কন্ট্রোল বক্সের সামনে অবস্থান নেয়। সড়কের চারপাশে শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গাড়ির কাগজপত্র ও গাড়ির লাইসেন্স যাচাই-বাছাই করছে তারা।
এদিকে, রাজধানীসহ দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না। রাজধানীর কোনো আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়া হচ্ছে না। বাসমালিক ও পরিবহনশ্রমিকেরা বলছেন, নিরাপত্তার কথা ভেবে তারা বাস বের করছেন না।
বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে পুলিশ।
গতকাল সকালে রাজধানীর আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এসে জড়ো হয় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে তারা। রাস্তায় যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করে শিক্ষার্থীরা।
ট্রাফিক-ব্যবস্থাপনাকে বশে আনতে আ লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।
গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)।
সেই থেকে রাজধানীসহ দেশের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করছে তারা। প্লাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
এদিকে, নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না। তাদের ওপর হামলা চালানো হচ্ছে।
বুধবার গ্রেপ্তার করা হয় জাবালে নূর পরিবহনের দুর্ঘটনা ঘটানো বাসের মালিক শাহাদৎ হোসেন ও চালক মাসুম বিল্লাহ। বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন।
রাস্তায় বাসচাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আন্দোলনের সময় চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কিছু যানবাহনের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন চলছে ঢাকার বাইরেও।