সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা অব্যাহত থাকবে বরে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীতে আগামী শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে সাক্ষরতার হার গত একবছরে বেড়েছে, বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক শূন্য ৩ শতাংশ থেকে ৭২ দশমিক শূন্য ৯ শতাংশে উন্নীত হয়েছে।
সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি- স্লোগান নিয়ে এবারের সাক্ষরতা দিবস পালন করা হবে।
মন্ত্রী বলেন, যতদিন একজন মানুষ নিরক্ষর থাকবে ততদিন পর্যন্ত সরকার এ কার্যক্রম চালিয়ে যাবে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার যে পরিকল্পনা রয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন এই উদ্যোগ চলমান রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় যখন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলো ছেড়ে দেবে তখন থেকে দায়িত্ব নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।