ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন অভিভাবকও ছিলেন তাদের সঙ্গে।
শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে শিক্ষার্থীরা জানায়, আমরা হাসনা হেনা আপার মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাবো। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। আমরা শুরু থেকেই বলে আসছি, এ ঘটনার সঙ্গে তদন্তে যাদের সম্পৃক্ততা থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু কোনও নিরাপরাধ শিক্ষার্থী ও শিক্ষক যেন হেনস্থা না হয়।
আরেক শিক্ষার্থী বলে, আমরা চাই অরিত্রী অধিকারীর মৃত্যুর ঘটনায় দোষি ব্যক্তিরা শাস্তির মুখোমুখি হোক। কিন্তু একজন নিরপরাধ শিক্ষক কারাগারে থাকতে পারেন না। তাই তার মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি।
প্রসঙ্গত, সোমবার দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রীর সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনার পর সে আত্মহত্যা করেছে।
গত মঙ্গলবার রাজধানী পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা। বুধবার রাতে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়।