এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে পরীক্ষা শুরুর আগেই শিক্ষামন্ত্রী কেন্দ্র থেকে চলে যান। কেন্দ্রের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ও তীক্ষ্ণ নজরদারি চলেছে— শিক্ষা প্রশাসনও তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি। আমরা সবাই চাই প্রশ্নপত্র ফাঁসমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হোক। এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সবার প্রতি আহ্বান জানাই।
শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবক, শিক্ষক ও পরীক্ষার্থী কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। চাহিদা না থাকলে প্রশ্নফাঁস করার কোনো আগ্রহ থাকবে না— কাজেই সবাইকে এটা পালন করতে হবে।
তিনি আরো বলেন, আশা করছি সারাদেশে শান্তিপূর্ণভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে- আমরা শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থী সবার কাছে পূর্ণ সহযোগিতা আশা করছি।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।