শিক্ষা

দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যানটিনে ছাত্রদল নেতা-কর্মীরা

 দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যানটিনে  ছাত্রদল নেতা-কর্মীরা
দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যানটিনে ছাত্রদল নেতা-কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অবস্থান নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় ক্যাম্পাসে স্থায়ী সহাবস্থানের দাবি জানান দলটির নেতারা।

বুধবার সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মধুর ক্যানটিনে যান। পরে সেখানে যান সংগঠনটির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতাও। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত মধুর ক্যানটিনে অবস্থান করেন তারা।

ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও তাদের অবস্থান জানাতে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল।

ছাত্রদল নেতারা সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নির্মাণে নির্বাচন তিন মাস পিছিয়ে দেয়া, হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করাসহ যে সাত দফা দাবিতে তারা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিল, সেগুলোই পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে পুনঃ তফসিল দাবি করেন ছাত্রদল নেতারা।

সকাল ১০টা ৪০ মিনিটে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ছাত্রদল নেতাকর্মীদের মধুর ক্যানটিনে যাওয়ার খবর পেয়ে আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছাত্রদলের নেতা-কর্মীদের মধুর ক্যানটিনে স্বাগত জানান।

মধুর ক্যানটিনে তখন ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সহসভাপতি তুহিন কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।

তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতা।

এরপর কয়েকটি টেবিল একসঙ্গে করে নেতা-কর্মীদের নিয়ে মধুর ক্যানটিনে বসেন তারা।

এ সময় তাদের তিন দিক থেকে ঘিরে বিরতিহীনভাবে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

বেলা ১১টা ২০ মিনিটে মধুর ক্যানটিনে যান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান। আর ১২টার দিকে যান কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চার শীর্ষ নেতাকে উদ্দেশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘অছাত্রদের আস্তানা, ক্যাম্পাসে হবে না’, ক্যাম্পাসে রাজনীতি, ছাত্ররাই করবে’, বয়স যাদের পঁয়তাল্লিশ, ক্যাম্পাসে কেন ঘুরিস?’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। ছাত্রদলের নেতা-কর্মীরাও ‘খালেদা জিয়া, জিয়া খালেদা’ বলে পাল্টা স্লোগান দেন।

একপর্যায়ে ছাত্রদলের এক নেতা ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্য করে ‘আমাদের ক্যাম্পাস, আমরাই থাকব’ বলে স্লোগান দিতে গেলে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান তাকে থামিয়ে দিয়ে বলেন, চুপ করে বসে চা খাও।

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান।

সাংবাদিকদের রাজীব আহসান বলেন, বাদল আমরা ঢাবি প্রশাসনকে সাত দফা দাবি জানিয়েছি। প্রথমটি ছিল ক্যাম্পাসে এবং হলে সহাবস্থান নিশ্চিত করতে হবে। আমরা দশ বছর পর বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রশাসন ও অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে চাই। তার পদক্ষেপ হিসেবে আমরা এখানে এসেছি। এ প্রক্রিয়াটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দাবি জানিয়েছি ন্যূনতম তিনমাস সহাবস্থানের পরে ডাকসুর নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই ভোটগ্রহণ করার। ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসার দাবিতে এখনো অটল আছি আমরা। সামগ্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার পর পুনরায় তফসিল ঘোষণা করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি বলেন, সহাবস্থানের স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে সব অগণতান্ত্রিক ধারা আছে তা বাতিল করতে হবে।

এদিকে, ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ক্যাম্পাসে যে গণাতন্ত্রিক পরিবেশ আছে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। যার যার রাজনীতি সে করবে। ছাত্রলীগ কাউকে বাধা দিবে না।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আজ থেকে তাদের নতুন যাত্রা শুরু হলো। এখন থেকে ক্যাম্পাসে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, মধুর ক্যানটিন আমাদের আবেগের জায়গা। অনেক দিন পর এখানে এলাম, প্রতিপক্ষের কাছ থেকে কিছুটা সহযোগিতার মনোভাব আমরা পেয়েছি। তবে আমাদের প্রতি যেসব আক্রমণাত্মক বক্তব্য তারা রেখেছেন, সেগুলো না হলে আরও ভালো হতো। এখন থেকে আমরা নিয়মিত ক্যাম্পাসে, মধুর ক্যানটিনে আসব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ