ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য অবশেষে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে এ প্যানেল ঘোষণা করা হয়। ছাত্রদলের পাশাপাশি প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
এছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ নামে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরাও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দিয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র নেওয়ার শেষ দিনে বিকেলের দিকে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদে মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. আনিসুর রহমান খন্দকার অনিকের নাম ঘোষণা করা হয়।
এর আগে সকালে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীকে ভিপি এবং ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজিরকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
আর কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভিপি হিসেবে নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক পদে রাশেদ খানের নাম ঘোষণা করা করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের নেতারা।
এদিকে, ছাত্রলীগের প্যানেলে স্থান না পাওয়া সংগঠনটির সাবেক কমিটির সদস্যরা নিজেরাই পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দিয়েছে।
তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে ছাত্রলীগের অভ্যন্তরীন সমস্যা মিটিয়ে ফেলার কথা জানালেন ছাত্রলীগ নেতারা।
প্যানেল ঘোষণার পর যার যার হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।