ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল ছাড়া সব ছাত্রী হলেই অনিয়মের অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট শুরুর পর সিল মারা ব্যালট পেপার পাওয়ার অভিযোগে কুয়েত মৈত্রী ও কারচুপির অভিযোগে রোকেয়া হলে অনেক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট শবনম জাহানের জায়গায় নতুন প্রভোস্ট হিসেবে অধ্যাপক মাহবুবা নাসরিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
দীর্ঘ ২৮ বছর প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে। তবে সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে বিভিন্ন হলে অনিয়মের অভিযোগ উঠেছে।
কুয়েত-মৈত্রী হলে সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগে ছাত্রীদের বিক্ষোভের মুখে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে শিক্ষার্থী ও হল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সকাল সোয়া ১১টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট চলবে। শিক্ষার্থীদের দাবির মুখে হল ড. শবনম জাহানকে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিনকে।
অনিয়মের অভিযোগে রোকেয়া হলেও ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা হয়। তবে বিকাল ৩টা থেকে আবার ভোটগ্রহণ শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সুফিয়া কামাল হলে সকাল থেকে ভোটাররা জড়ো হলেও সেখানে সাময়িক ভোট বন্ধ রাখা হয়।