ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনে বৃহস্পতিবার আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সাত শিক্ষার্থী।
এদিকে, রোকেয়া হল সংসদ নির্বাচনের পুনঃতফসিলের দাবিতে হল গেটে দ্বিতীয় দিন আমরণ অনশন করছেন পাঁচ ছাত্রী। বুধবার মাঝরাতে তাদের ছাত্রলীগ নেতা ও ডাকসুর নতুন জিএস গোলাম রব্বানী এবং তার নেতাকর্মী কর্তৃক হেনস্থা করার অভিযোগ উঠেছে।
টিএসসিতে অনশনরত শিক্ষার্থীরা অনিয়মের অভিযোগে নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগও দাবি করেছেন। অনশনকারীদের মধ্যে পাঁচজন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদের নির্বাচন করেছেন।
অনশনরত শিক্ষার্থী অনিন্দ্য মণ্ডল অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে, হল সংসদ নির্বাচনের পুঃতফসিলসহ চার দফা দাবিতে বুধবার রোকেয়া হলগেটে অনশন করছেন পাঁচ শিক্ষার্থী।
অনশনকারী শ্রবণা শফিক দীপ্তি অভিযোগ করেন, সদ্য নির্বাচিত ডাকসুর জিএস ছাত্রলীগের কর্মীসহ বুধবার রাতে তাদের হেনস্থা করেন। তিনি ছবি দেখিয়ে একজনকে চরিত্রহীন প্রমাণের চেষ্টা করেন। এছাড়া তারা মদ-গাঁজা খেয়ে আন্দোলন করছেন বলেও অভিযোগ তোলেন।