গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা না বলে নিজের অবস্থানকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে নব নির্বাচিত ভিপি নুরুল হক নূর।
এ অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন তিনি বলেন, বিভ্রান্তি দূর করতে নূরকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন।
পরে পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন, ভিসির কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর ভিপি পদে ছাত্রলীগের শোভনের চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ সভাপতি (ভিপি) পদে নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানি নির্বাচিত হন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ডাকসুর ২৫ পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী আখতার হোসেন।
আর ১৮টি হল সংসদের মধ্যে ১২টিতে ভিপি পদে বিজয়ী হয় ছাত্রলীগ। বাকি ৬টি হলে ভিপি পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী।
এদিকে, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন হয়। ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।