ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেবেন কি না সে বিষয়টি আবারো শিক্ষার্থীদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন নব নির্বাচিত ভিপি নুরুল হক নূর।
২৮ বছর ডাকসুকে সচল করে বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে নির্বাচিতরা দায়িত্ব নেবেন এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।
এদিকে, নির্বাচন বাতিলের দাবিতে বাম সংগঠনগুলোর কোনো কার্যক্রম না থাকলেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী ও শিক্ষার্থীদের অনিয়মের অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে পুনঃনির্বাচনের সম্ভবনা আবারো নাকচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরি সভা হবে। সোমবার রাতে সিনেট ভবনে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কার্যকরী সভার দিন তারিখ ঠিক করা হলেও নির্বাচিত ভিপি হিসেবে এখনো দায়িত্ব বুঝে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নুরুল হক নূর।
মঙ্গলবার এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন তাদের সিদ্ধান্তের ওপরই এখন দায়িত্ব নেয়ার বিষয়টি নির্ভর করছে।
এই নির্বাচনে যে ভুলগুলো হয়েছে ভবিষ্যতের জন্য তা শুধরে নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থে কাজ করার জন্য নির্বাচিতদের প্রতি আহবান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
নব নির্বাচিত ভিপির সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
এদিকে, নির্বাচন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনঃতফসিল ঘোষণার দাবি জানান ছাত্রদল নেতারা।
ডাকসু ও হল সংসদ নির্বাচন আবারো অনুষ্ঠানের কোনো সুযোগ নেই বলে আবারো জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করলেও বাম ছাত্র সংগঠনগুলোর কোনো কার্যক্রম চোখে পড়েনি।