প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজেদের অধিকার তুলে ধরার দাবিতে চতুর্থ দিনের মতো-শনিবার রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক কর্মচারীরা।
তাদের অভিযোগ, এমপিওভুক্ত করা হবে সরকার থেকে বার বার এমন আশ্বাস দিয়েও পরে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। যার কারণে শিক্ষক সমাজ বছরের পর বছর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নন এমপিও শিক্ষক ও নেতাদের দাবি নিরুপায় হয়েই তারা দিনরাত্রির অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভূক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকাল থেকে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি পালন করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
এই কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকার শত শত নন এমপিও শিক্ষক-কর্মচারী যোগ দেন।
বয়সের ভাড়ে বৃদ্ধ, তারপরও দূর-দূরান্ত দাবি আদায়ে রাজধানীতে ছুটে এসেছেন অনেকে।
তারা অভিযোগ করেন, শিক্ষক হিসেবে এমপিওভুক্ত না হওয়ায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
প্রখর রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে নারী শিক্ষকরাও যোগ দিয়েছেন অবস্থান কর্মসূচিতে।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন তাদের সমস্যা সমাধান করতে।
নন এমপিও শিক্ষক-কর্মচারি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা চান দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট ঘোষণা।