জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ চারজন শিক্ষক কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে সাংবাদিকদের জানান অধ্যাপক সোহেল রানা।
পদত্যাগকারী অন্যান্য শিক্ষকরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সদস্য অধ্যাপক সাঈদ ফেরদৌস ও সদস্য অধ্যাপক মাহবুব কবির।
অধ্যাপক সোহেল রানা বলেন, 'আমরা মঙ্গলবার দুপুর আড়াইটায় জরুরি মিটিংয়ে বসেছিলাম। সেখানে বিচার চাওয়া তো দূরের কথা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদও করতে পারেনি। উল্টো শিক্ষক নেতারা আন্দোলনকারীদের তিরস্কার করেছে। তাই আমরা মনে করছি, শিক্ষক সমিতির এই কমিটি শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। তাই আমরা দায়বদ্ধতা ও বিবেকের তাড়না থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'
দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। তার অপসারণ দাবিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাকে বাসভবনে অবরুদ্ধ করে রেখেছিলেন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আন্দোলনরতরা।
এক পর্যায়ে দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আট জন শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।