করোনা মহামারির কারণে দীর্ঘ ৫৬৫ দিন বন্ধের পর আগামীকাল খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ। ইতিমধ্যে গত ১৬ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছরের ১৬ মার্চ থেকে শুরু করে দীর্ঘ ১৮ মাস পর আগামীকাল থেকে প্রাণ খুলে প্রিয় অঙ্গনে বিচরণ করার আনন্দের কথা স্মরণ করে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। দিনটিকে ঈদের আনন্দের সংগে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস ছড়াচ্ছেন করছেন তারা।
সবার জন্য হল খোলার বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে। দ্রুতই সবার জন্য হল খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া আমরা বুঝতে পারি। তাদের আনন্দই আমাদের আনন্দ। / বাভি
আবাসিক হল ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
কক্ষের বাইরে গেলে সবাইকে বাধ্যতামূলকভাবে নিয়মিত ও সার্বক্ষণিক সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।
স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।
স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে এক মিটার (তিন ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
কোনো কক্ষের মেঝেতে শোয়া যাবে না, এক বিছানায় একাধিক ব্যক্তি শোয়া যাবে না। কেবলমাত্র আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। কোনো বহিরাগত বা বাইরে থেকে আসা কাউকে কক্ষে অবস্থান করতে দেওয়া যাবে না।
প্রয়োজন সাপেক্ষে কক্ষে ও কক্ষের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং কক্ষের প্রয়োজনীয় আশপাশ সবসময় নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। এ ক্ষেত্রে হল প্রশাসন সহযোগিতা প্রদান করবে।
হল ডাইনিং, ক্যান্টিন, মেস, দোকান, সেলুন, রিডিংরুম, অডিটোরিয়াম, টিভিরুম, অতিথিকক্ষ, পাঠাগার, মসজিদ ও উপাসনালয়ে ভিড় করা যাবে না। এসব স্থানে শারীরিক ও সামাজিক দূরত্ব বিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহার করতে হবে। ডাইনিংয়ে পালাক্রমে খাবার খেতে হবে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতিথিকক্ষে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ রাখতে হবে। বেড়াতে ও ঘুরতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সভা-সমাবেশ, রেস্তোরাঁ, পার্টি ও গণপরিবহন এড়িয়ে চলতে হবে।