ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবার ঢাবি অধিভুক্ত সাত কলেজে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭শ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
ঢাবি অধিভুক্ত এই সাত কলেজে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি।
অধিভুক্ত এসব কলেজে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর, বিজ্ঞান ইউনিটের ৬ নভেম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
উল্লেখ্য, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসন শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসন শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারবে। কলেজসমূহের বিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে।
তবে ডিগ্রিসমূহের সনদপত্র প্রদান করা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় বলেও জানানো হয়েছে। / ঢাপো