ঢাকার পর এবার চট্টগ্রামেও বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। তবে, এক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বহন করতে হবে এবং ইউনিফর্ম পরা থাকতে হবে।
রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর তারা এ সিদ্ধান্ত নিলেন। আগামী ১১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।
এনায়েত উল্যাহ বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জন্য পাবলিক বাসে হাফ পাস কার্যকর হবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। প্রতিদিনই তারা বিভিন্ন এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন।
গত ২৪ নভেম্বর সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে।
ঢাকা পরিবহন মালিক সমিতি কয়েকদিন আগে শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর চট্টগ্রামের এ ঘোষণা এলো। / একাত্তর