ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার বিধান বাতিল চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির এ নোটিশ পাঠান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট সামসুন্নাহার হল, প্রভোস্ট কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের প্রভোস্ট বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রী হলে বিবাহিত হওয়ার কারণে কতিপয় ছাত্রীর আবাসিক সিট বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিধানের ফলে কার্যত বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। যে বিষয়টি নিয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন বৈষম্যমূলক বিধান থাকার বিষয়টি প্রিন্ট এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হচ্ছে।