সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসির পদত্যাগ দাবীতে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙ্গতে রাজি হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল'র অনুরোধে আন্দোলনকারীরা অনশন ভাঙতে সম্মত হয়েছেন।
বুধবার সকালে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর আগে, ভোর ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।
পরে সাংবাদিকদের ড. জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীরা ইতিহাস গড়েছে। ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আগে ভাবা হবে। এসময় আন্দোলনে মানবিক সহায়তা দেয়ায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করার নিন্দা জানান তিনি। বঙ্গবন্ধুর ওপর আর্টিকেল লিখে পাওয়া ১০ হাজার টাকাও শিক্ষার্থীদের তুলে দেন তিনি।
ড. জাফর ইকবাল আরও বলেন, নানা ভয় ভীতি দেখিয়ে এখানে চিকিৎসা দেয়া মেডিক্যাল টিমকে সরিয়ে দেয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।