রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে কন্সট্রাকশন কাজের বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় অন্তত ৮টি ট্রাক জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। এছাড়াও রাবি প্রশাসন ভবনও ঘেরাও ও ভিসির বাসভবন ঘেরাও করে ভবনের গেট ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহত ছাত্রের মাহমুদ হাবিব নাম হিমেল। সে রাবির চারুকলা বিভাগের গ্রাফিকস ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের আবাসিক ছাত্র। এছাড়া রাবির ড্রামা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রদের প্রতিরোধের মুখে। ফিরিয়ে দেয়া হয়েছে দমকল বাহিনীকেও।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাবি প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
স্থানীয় ও রাবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হিমেল তার অপর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ক্যাম্পাসে আসছিল। এ সময় হবিবুর রহমান হলের সামনে আসলে রাবির কন্সট্রাকশন কাজে ব্যবহৃত একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক হিমেল মারা যায়। আর বাইকে থাকা হিমেল ও অপর একজন গুরুতর আহত হয়। এদের মধ্যে ইমরান আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলি তুহিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিহত ছাত্রের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।