আসছে ২৮ মে থেকে শুরু হচ্ছে ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। টুর্নামেন্ট চলবে ২ জুন পর্যন্ত। সবগুলো ম্যাচই হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টুর্নামেন্টে মোট ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। আটটি গ্রুপ পর্ব শেষে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে গ্রুপ চ্যাম্পিয়ন দল।
টুর্নামেন্ট শুরুর আগে অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালাক্রমে এই ট্রফি প্রদর্শন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে ট্রফিটি নিয়ে আসা হয়।
এ সময় ইইউবি ক্রিকেট টিম ও ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা ফটোসেশন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ইইউবি ক্যাম্পাসে ছিল ট্রফিটি। মূলত ক্রিকেটারদের উৎসাহ দেওয়া ও টুর্নামেন্টের উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতেই বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে এই ট্রফি ভ্রমণ।
এ সম্পর্কে ইইউবি ক্রিকেট টিমের সদস্য মোহাম্মদ ফয়সাল ক্লেমনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজেদের মেধা ও শ্রমের সর্বোচ্চটা দিয়ে এই টুর্নামেন্টে ইইউবিকে ভালো কিছু উপহার দিতে চাই। আমরা এবার ফাইনালে খেলার আশাবাদী।
শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে ইইউবি ক্রিকেট টিমের কোচ ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম বলেন, সবারই শিরোপা অর্জনের লক্ষ্য থাকে, আমাদেরও আছে। আমাদের শিরোপা অর্জনের মতো টিমও আছে। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি।