ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদকে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি।
শনিবার (৪ জুন) রাত ৮টার পরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠক শেষে কলেজের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকটি থেকে তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিন শিক্ষক হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলি, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান।
এদিকে বহিষ্কার হওয়ার পরও উত্তেজনা চলছে কলেজটিতে। শিক্ষকেরা জানান, বর্তমান ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হচ্ছে। যা আমরা মানিনা।
তাঁদের দাবি ভাইস প্রিন্সিপালকে অধ্যক্ষ করা মানে আবারও সেই ব্যক্তিকেই অধ্যক্ষ করা। কারণ সব ধরনের কুকর্মের সাক্ষী এই মজিবুর। সৎ ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান না করা হলে এই ক্যাম্পাস থেকে শিক্ষকেরা ঘরে ফিরবেন না বলে জানান।
শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকেরা।
শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আইডিয়াল কলেজ। অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।