ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর ‘হামলা, লাঞ্ছনা ও কটূক্তির’ প্রতিবাদে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের শিক্ষকেরা।
রোববার (১২ জুন) সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত চলবে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইউনিটের সভাপতি অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিললুর রহমান, যুগ্ম-সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদারসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।
কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, মফস্বল এলাকায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অধিকাংশ সময়ই নানানভাবে রাজনৈতিক ও প্রভাবশালীদের দ্বারা লাঞ্ছিত হওয়া এমনকি মারধরের শিকারও হয়ে থাকেন। নানা কারণে এ ধরনের ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয় না।
কর্মক্ষেত্রের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতেই এই কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তারা।