নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের গাছের কাঁঠাল খাওয়ায় দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুন) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গাজী মোহাম্মদ মহসিন দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২২ জুন তার সই করা এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দী করে নিয়ে যাওয়া হয়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।