ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এ বছর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ১৫৬ জন। পাশ করেছেন ২৪১ জন শিক্ষার্থী। সে হিসেবে পাশের হার দাঁড়ায় ৩ দশমিক ৯১ শতাংশ। যা মোট শিক্ষার্থীর ১ দশমিক ৮৫ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৯৬ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থীই। এতে আসন রয়েছে ১৩০টি।
এবার ‘চ’ ইউনিটে প্রথম হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন। পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫। এসএসসি ও এইচএসসির জিপিএ’র নম্বর মিলিয়ে তিনি মোট ১০০ দশমিক ৫ নম্বর পেয়েছেন।
দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশী রাণী মণ্ডল। পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৭৯ দশমিক ৫। এসএসসি ও এইচএসসির জিপিএ’র নম্বর মিলিয়ে তিনি পেয়েছেন মোট ৯৮ দশমিক ৯৪ নম্বর।
‘চ’ ইউনিটে তৃতীয় হয়েছেন শাহ নিয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী। তিনি ভর্তি পরীক্ষায় সব মিলিয়ে ৯৮ দশমিক ৮৪ নম্বর পেয়েছেন। তবে, মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫।
যেভাবে ‘চ’ ইউনিটের ফলাফল জানা যাবে:
‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU CHA উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।