ভর্তি পরীক্ষা শেষে ট্রেনের টিকিট না পেয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুরা।
বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে ট্রেন আটকে দিয়ে এ আন্দোলন করছেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি আটকে রাখার খবর পাওয়া গেছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী থেকে ফেরার জন্য স্টেশনের কাউন্টার থেকে কোনো টিকেট পাওয়া যাচ্ছে না।
টিকেট কালোবাজারি হয়েছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০-১০০০ টাকা বেশি দামে তা সংগ্রহ করতে হচ্ছে বলে জানান তারা। পরীক্ষার্থীরা রেললাইনে শুয়ে প্ল্যটফর্মের পাশে অবস্থান নিয়ে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকে দেয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কেউ টিকেট কালোবাজারির বিষয়ে কোনো অভিযোগ করেননি।
বৃহস্পতিবারের (২৮ জুলাই) মধ্যে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
রাজশাহী স্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটির বিকেল ৪টায় ছাড়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাবি ভর্তি পরীক্ষা শুরু হয়ে এবং আজ ছিল ভর্তি পরীক্ষার শেষ দিন। ৩ ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ২০টি আসনের বিপরীতে দেড় লক্ষাধিক ভর্তিচ্ছু আবেদন করেছেন।