শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ খুনের ঘটনায় গ্রেফতার তিন আসামির মধ্যে আবুল হোসেন নামের একজনকে আদালতে তোলা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তাকে তোলা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিদের মধ্যে আবুল হোসেন নামের একজনকে আদালতে তোলা হয়েছে। সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।’
আবুল হোসেন (১৯) শাবির পেছনের টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে। সে ছাড়াও আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য দুইজন হলেন- শাবিপ্রবির পেছনের টিলাগাঁওয়ের মো. গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯), একই গ্রামের মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় ছুরিকাহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল। গুরুতর আহত অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে আটটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।