বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে কুমিল্লার সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও অনেক কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত তেমন কোনো ভোটারের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল না । বেলা বাড়ার পরে ভোটের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে, সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া বামিশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকে।
অন্যদিকে আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর কেন্দ্রে ৬০০ ব্যালট প্যাপার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও রাছিয়া বাগবের আলীম মাদ্রাসা কেন্দ্রের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন জন আহত হয়েছেন।
সদর দক্ষিণ উপজেলার বাগমারা কেন্দ্রের সামনেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাজগড্ডা আরএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভূয়া এক এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই কেন্দ্রে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি জাল ভোটে পাওয়ার অভিযোগে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জাল ভোট, সাময়িক কেন্দ্র বন্ধ, দু’পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া গুলি বিনিময়সহ আহত হয়েছেন ৮ জন। ভ্রাম্যমাণ আদালতে ২ জনের সাজা হয়েছে।