নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন তিনি।
উপনির্বাচনে ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৪০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্দরের কেওডালা বালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান তিনি।
ওই কেন্দ্রের ভোটসংখ্যা ২ হাজার ২৬ জন। আর নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬ হাজার ৭৪২। নির্বাচনে ৪৪.৮৮% ভোট পড়েছে বলেও জানান তিনি।
সেলিম ওসমান (লাঙ্গল) প্রতীক নিয়ে ৮২,৮৫৬ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬,১১৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শহীদুল ইসলাম দেলোয়ার (গামছা) প্রতীক নিয়ে পেয়েছেন ১,৩৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ (চিংড়ি) প্রতীক নিয়ে ৭৪৩ ভোট পেয়েছেন।