নির্বাচন আইন এমনভাবে করা হয়েছে যাতে কোনো নাগরিকই যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেয়া হয়েছে জানান নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জে. মো. জাবেদ আলী।
বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ এর পর্যলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোটারতালিকা একটি জাতীয় আমানত তাই এ তালিকা সুষ্ঠু ও নির্ভুলভাবে করতে হবে।
সভায় জানানো হয়, জেলার ১৬ উপজেলায় পূর্বের বিদ্যমান ভোটার সংখ্যা ৩৩ লাখ ৫৮ হাজার ১৫৫ জন। এবারের নিবন্ধিত ভোটার ১ লাখ ৮৪ হাজার ১২৫ জন। ভোটার বৃদ্ধির হার শতকরা ৫ দশমিক ৮৪ ভাগ।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম। সভায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।