ঢাকার ২ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন জানুয়ারিতে করা সম্ভব হবে না—এজন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, জানুয়ারির মধ্যে নির্বাচন কেন করবো? সময় দিতে হবে। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণ ও তফসিল ঘোষণার জন্য সময়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ইসি তবে ডিসিসির উত্তর ও দক্ষিণে সীমানা সংক্রান্ত জটিল সত্ত্বেও ওপরের চাপ থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করে তা অনুরোধ জানাতে পারে। বাধা দূর হয়ে গেলে যত দ্রুত সম্ভব নির্বাচন করা যাবে।
তিনি আরো বলেন, বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে তাই এখন নির্বাচন করতে হলে পুরানো ভোটারতালিকা দিয়ে নির্বাচন করতে হবে। এতে প্রায় ৫ লাখ নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।
এছাড়া পাবলিক পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নিয়ে তফসিল দেয়ার কথা উল্লেখ করে সিইসি বলেন, বড় পরীক্ষাগুলো চলাকালে নির্বাচন এড়িয়ে চলা হয়। তাই পরীক্ষার সময়সূচি দেখে প্রস্তুতি নেয়া হবে।
ডিসিসি দক্ষিণের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতা রয়েছে। আর উত্তরে উত্তরার ১১ থেকে ১৪ নম্বর সেক্টর, দক্ষিণগাঁওয়ের সীমানা বাড়ানোর প্রক্রিয়া চলছে।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ডিসিসি নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন— এ খবরের পর সংবাদ সম্মেলন করা হয়।