ঢাকাসহ ৩ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার বিলবোর্ড ও পোস্টার সরিয়ে নিতে ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়ার পর তা সরিয়ে নিতে মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মীরা।
বৃহস্পতিবার অনেক এলাকায় বিলবোর্ড নামিয়ে ফেলা হলেও এখনো অনেক বিলবোর্ড রয়েছে বহাল তবিয়তে।
আনিসুল হক ও সাইদ খোকন দেশ টিভিকে বলেন, ৪৮ ঘণ্টা খুবই কম সময় হলেও তারা আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রচারণামূলক বিলবোর্ড সরিয়ে নেবেন।
তফসিল ঘোষণার আগেই ঢাকা ও চট্টগ্রামে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা বিলবোর্ড আর পোস্টার দিয়ে আগাম প্রচারণার কাজ শুরু করেন।
নির্বাচন কমিশনের বেধে দেয়া সময় শেষ হচ্ছে শুক্রবার বিকেলে। যদিও সময় বেধে দেয়ার পর পরই বুধবার রাতেই অনেকে বিলবোর্ড সরানোর কাজে নেমে পড়েছেন, আবার কেউ কেউ সরিয়েছেন বৃহস্পতিবার দিনে। আবার অনেক এলাকায় এখনো মেয়র-কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড-পোস্টার সরানো হয়নি।
আনিসুল হক ও সাইদ খোকন জানান, তারা নিজেরা যেমন বিলবোর্ড লাগিয়েছিলেন তেমনি অনেক কাউন্সিলর প্রার্থী ও শুভানুধ্যায়ীরাও তাদের নামে পোস্টার ছাপিয়েছিল। তবে কমিশনের নির্দেশনার পর পরই বিলবোর্ড সরিয়ে ফেলছেন তারা।
নির্বাচন কমিশনের বেধে দেয়া সময়ের আগেই বিলবোর্ড সরিয়ে ফেলতে পারবেন বলেও জানান তারা।
ঢাকাসহ ৩ সিটি করপোরেশন নির্বাচনের বাকি আছে আর এক মাসের কিছু বেশি সময়। প্রস্তুতির জন্য একেই যথেষ্ট বলে মনে করছেন তারা।
গতকাল-বুধবার নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করে। ওইদিনই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার সমস্ত বিলবোর্ড ও পোস্টার নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।