সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার উপকরণ সরিয়ে ফেলতে নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে আজ (শুক্রবার) রাত ১২টায়।
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার অংশ হিসেবে রাজধানী জুড়ে যেসব বিলবোর্ড, ব্যানার টানানো হয়েছিল-শুক্রবার বিকালের মধ্যেই তার বেশিরভাগই সরিয়ে ফেলা হয়। তারপরও নগরীর কয়েকটি জায়গায় দেখা যায় মেয়র-কাউন্সিলরদের বিলবোর্ড।
মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মনে করছেন, বাকিগুলোও নির্ধারিত সময়েই সরিয়ে ফেলা যাবে। তা না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দণ্ড প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
প্রার্থীরা আরো বলেন, প্রায় শতভাগ প্রচারণার উপকরণ সরানো হয়েছে। যাও বা কিছু আছে সেগুলোও সরে যাবে।
এদিকে, আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনী আইন অনুসারে দণ্ডের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম।
তিনি বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যেই প্রচারণার উপকরণ সরানোর কাজ সম্পন্ন করতে হবে।