চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছেন কাউন্সিলর প্রার্থীরা। এরইমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বর্তমান কাউন্সিলর ও আগের পরাজিত প্রার্থীসহ একেবারে নতুন প্রার্থীরা। নির্বাচন উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ।
এবারের সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার সম্ভাবনা। তফসিল ঘোষণার আগে থেকেই বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণা শুরু করেন। ইতোমধ্যেই অনেকে নিজের নামে পোস্টার ও বিলবোর্ড টাঙিয়েছেন।
কাজের মূল্যায়নের মাধ্যমে পূনরায় নির্বাচিত হওয়ার আশা করছেন বর্তমান কাউন্সিলররা।
উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর নুরুল বশর মিয়া বলেন, ‘এলাকার মানুষের জন্য যা যা করা দরকার তাই করেছি। আশা করি, জনগণ এবারও আমাকে নির্বাচন করবে।’
এদিকে, দলের সমর্থন নিয়েও অনেকে চিন্তিত বলে জানান বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন।
তিনি বলেন, ‘গতবার ওয়ার্ড কাউন্সিলরের বিষয়টি নিয়ে নিজেস্ব দলীয়করণের কারণেই বিএনপির বেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছে। বিএনপি নির্বাচনে আসলে এ কোন্দল মেটাতে হবে। যদি না মেটানো হয় তাহলে দুইটি জাগাতেই এর প্রভাব পরবে।’
গত নির্বাচনে পরাজিত এবং একবারে নতুন প্রার্থীরা মনে করছেন চলমান অবস্থার পরিবর্তনে জনগন তাদের নির্বাচিত করবেন। সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সিটি করপোরেশন নির্বাচন হবে এমনটাই আশা করছেন সবাই।