সিটি করপোরেশন নির্বাচন আসলেই হবে কি না, হলেও তা সুষ্ঠু হবে কি না-তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বাসায় সাংবাদিকদের কাছে এ সংশয়ের কথা জানান তিনি।
সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিনকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব। সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা দেশের রাজনীতিতে অপদৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বিষয়ক এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, এ সম্পর্কে আমার এখনো সংশয় আছে। আর যদি হয়ও, সেটা কতখানি নিরপেক্ষ হবে, তা নিয়ে আমাদের পূর্বের তিক্ত অভিজ্ঞতা আছে। এর বেশি কিছু বলতে চাই না।’
সুষ্ঠু, ভালো নির্বাচন দিতে বি চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারের উদ্দেশে বদরুদ্দোজা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করে যে অপরাধ আপনারা করেছেন, তার শাপমোচন করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও পরিবারের সদস্যদের সহানুভূতি জানান বি চৌধুরী।
আগামী ২৮ এপ্রিল ভোটের দিন রেখে নির্বাচন কমিশন ঢাকার উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যে তফসিল ঘোষণা করেছে তাতে মনোনয়নপত্র জমা দেয়ার দিন রাখা হয়েছে ২৯ মার্চ।