ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ও সংসদ সদস্য হাজী সেলিম।
এ সময় হাজি সেলিমের বিরুদ্ধে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সাঈদ খোকন বলেন, অস্ত্র ও পেশি শক্তি প্রদর্শন করে এক প্রার্থী সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে হাজি সেলিম বলেন, ঢাকাবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটাতেই নির্বাচনে অংশগ্রহণ করছি। দল এখনো যাচাই-বাছাই করছে সুতরাং দলের সমর্থন নিজের দিকেই আসবে।
এদিকে, মনোনয়ন পত্র সংগ্রহ করতে যাবেন এমন খবর পেয়ে রিটর্নিং অফিসারের কার্যালয়ের সামনে সকাল থেকেই ভীড় জমাতে থাকেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ও সংসদ সদস্য হাজী সেলিমের সমর্থক নেতাকর্মীরা। উৎসব মুখর পরিবেশে প্রথমে মনোনয়ন পত্র সংগ্রহ করে সাঈদ খোকন বলেন, আগাম প্রচারণা চালিয়ে অনেকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করছেন।
এর কিছুক্ষণ পরই মনোনয়ন পত্র সংগ্রহ করতে আসেন সংসদ সদস্য হাজী সেলিম। তিনি সাঈদ খোকনের অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কাউকেই সমর্থন দেয়া হয়নি শুধুমাত্র প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের উন্নয়নের প্রত্যশায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করছেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ২৬ জনকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে কারন দর্শানোর নোটিস পাঠানো হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
২৯ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে পারবেন।