চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করে নির্বাচনী তৎপরতা শুরু করেছে। তবে এখনও মেয়র প্রার্থীর বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে, মেয়র প্রার্থী হতে ইচ্ছুক বিএনপি নেতারা অবাধ, সুষ্ঠুনির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নির্বাচনে যাওয়ার ইতিবাচক ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত মেয়র প্রার্থীর বিষয়ে দলের হাইকমান্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বর্তমান সিটি মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা এম মঞ্জুর আলমকে আবারো দল মনোনয়ন দেবে- এমন জল্পনা-কল্পনা চলছে।
নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ সময় আব্দুস সাত্তার বলেন, আন্দোলনের অংশ হিসাবে তারা নির্বাচন করতে চাইছেন।
এদিকে, এতো স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সরকার একটি নীলনকশার নির্বাচন করতে চাইছে বলেও অভিযোগ নগর বিএনপি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন।
এছাড়া মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪৮৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ১৪ নেত্রী মনোনয়ন পত্র নিয়েছেন।