চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বরাবরের মতো জলাবদ্ধতাকেই প্রধান ইস্যু করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন নগরীর শীর্ষ দুই মেয়র প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিন জলাবদ্ধতাকেই নগরীর প্রধান সমস্যা। আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম জলাবদ্ধতা সমস্যা নিরসনকেই চ্যালেঞ্জ মনে করছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে জলাবদ্ধতাকে কাজে লাগিয়েই জয় পেয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনের কয়েকদিন আগের বৃষ্টিতে পুরো নগরীর জলমগ্নতাই হারিয়ে দেয় তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে।
এবার একই ধরনের ভয় কাজ করছে মনজুর আলমের। তিনি মেয়র থাকাকালীন নগরীর জলাবদ্ধতা সমস্যার তেমন কোনো উন্নতি হয়নি।
যদিও সাবেক মেয়র মনজুর আলমের দাবি, নগরীর জলাবদ্ধতা কমেছে।
সরাসরি কাজের অভিজ্ঞতা না থাকলেও জলাবদ্ধতায় দুর্ভোগের অভিজ্ঞতা রয়েছে সরকার দলীয় মেয়র প্রার্থী আজম নাছির উদ্দিনের। তাই জলাবদ্ধতাকেই প্রধান সমস্যা মনে করছেন তিনি।
তবে মেয়র যেই হন চট্টগ্রাম মহানগরীর সাধারণ মানুষ চান জলাবদ্ধতা থেকে মুক্তি।