সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে পার পাবে না বলে— উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, তবে ১০ এপ্রিল প্রতীক বরাদ্দের তিন দিন আগে থেকেই প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিরাজুল ইসলাম আরো বলেন, কোনো প্রার্থী আচারণবিধি লঙ্ঘন করলে তাকে আইনের আওতায় আনা হবে।
এদিকে, আচরণবিধি মেনে বেশিরভাগ প্রার্থীই ঘড়োয়াভাবে নির্বাচনী পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছে। এখনও রাস্তায় দু'একটি পোস্টার লাগানো থাকলেও সময় স্বল্পতার কারণে তা সরানো সম্ভব হয়নি বলে দাবি করলেন প্রার্থীরা।
রোববার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরপর থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী কর্মকর্তারা। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যেসব প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে সেসব অভিযোগ খতিয়ে দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এদিকে, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রচার-প্রচারণা না চালালেও নির্বাচনকে সামনে রেখে কর্মকৌশল ঠিক করতে কর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে তারা আবারো কমিশনকে তাগাদা দিলেন।