ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থীতা নিশ্চিত করলেও কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। ওয়ার্ডগুলো থেকে দলের অনেকেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজনকে বেছে নিতে কাজ করছেন দলের কেন্দ্রীয় নেতারা।
এক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির, গ্রহণযোগ্য প্রার্থীদের প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়াও নেতাদের কাছে রয়েছে ওয়ার্ড জরিপের তালিকা।
নেতাদের হুঁশিয়ারি, দলীয় সমর্থনের বাইরে কেউ প্রার্থী হলে শৃঙ্খলা ভঙের অভিযোগে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে সাঈদ খোকন আর উত্তরে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিলেও এখনো পর্যন্ত দুই করপোরেশনের ৯৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী নিশ্চিত করতে পারেনি আওয়ামী লীগ।
আওয়ামী লীগের পক্ষ থেকে দক্ষিণে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ইতিমধ্যে ১৫টি নির্বাচনী এলাকা ধরে ১৫টি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা একক প্রার্থী নিশ্চিত করতে কাজ করছেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দলের জন্য নিবেদিত ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্যদের সর্মথন দেয়ার কথা ভাবছে আওয়ামী লীগ।
এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে বেশ কিছু জরিপের ফলাফল নিয়ে এগুচ্ছেন নেতারা। তাদের আশা, ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কাউন্সিলর পদে দলের একক প্রার্থী নিশ্চিত হবে।