সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন শেষে ঢাকা উত্তরের নগরপিতা হওয়ার লড়াইয়ে মনোনয়ন জমা দেয়া বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং নাইম হাসান নামের অপর একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মিন্টুর বড় ছেলে তাবিথ আওয়ালের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।
বাতিল ঘোষিত হওয়া প্রার্থিরা ৩ দিনের মধ্যে বিভাগীয় কমিশনার বরাবর আপিল করতে পারবেন বলে জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
মেয়র প্রার্থিদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, জাসদ সমর্থিত নাদের চৌধুরী, বিকল্পধারার মাহি বি চৌধুরী, সিপিবির আব্দুল্লাহ আল কাফি রতন, গণসংহতির জোনায়েদ সাকীসহ ১৯ প্রার্থীর মনোনয়নপত্র।
বৈধ ঘোষণা করা হয়েছে আব্দুল আওয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ মোহাম্মদ আওয়ালের মনোনয়নপত্র।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৩০ জন। যার মধ্যে মনোনয়ন জমা দিয়েছিলেন ২১ প্রার্থী। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন বুধবারে শুরুতেই ঘোষণা করা হয় মেয়র প্রার্থিদের নাম।
এর মধ্যে ১৯ জন প্রার্থির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও, বাতিল হয় বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুসহ আরেকজন প্রার্থির মনোনয়নপত্র।
আর আব্দুল আওয়াল মিন্টুর ছেলে জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তারা।
এদিকে, বৈধ ঘোষিত হওয়া প্রার্থিরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আবারো নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুনিয়েছেন নিজেদের প্রত্যাশার কথাও।
মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজও শুরু হয়েছে বুধবার থেকেই। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।