চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় বিভক্তি যাতে প্রকাশ না পায় সে ব্যাপারে সতর্ক রয়েছে মহানগর আওয়ামী লীগ। দল সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিনকে জেতাতে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে চলছে বৈঠক।
চট্টগ্রাম সিটি নির্বাচনে নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম ও নগর কমিটির সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন মেয়র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে আসছিলেন। শেষ পর্যন্ত দল নাছির উদ্দিনকে সমর্থন দিলে এ সিদ্ধান্তকে মেনে নেন সবাই।
চট্টগ্রামের রাজনীতির নিয়ন্ত্রক এবিএম মহিউদ্দিন চৌধুরীও আজম নাছিরের জন্য কাজ করে যাচ্ছেন।
এ মুহূর্তে দলীয় কোন্দল ভুলে নির্বাচনে জয় লাভই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
দলীয় কোন্দল মেটাতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়েও ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমাদানকারী আজম নাছির উদ্দিন।
এদিকে, দলীয় কোন্দল মেটানোর চেয়ে নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগের উপর এখন বেশি জোর দিচ্ছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে না হলেও গোপনে বৈঠক করছেন।
জানা গেছে, বৈঠকে সবকিছু ভুলে দলের জন্য কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে। গোপন বৈঠকে দলীয় কোন্দল আপাতত মেটাতে পারলেও বিএনপি নেতারা এখন শঙ্কিত সুষ্ঠু নির্বাচন হবে কি-না তা নিয়ে।
নির্বাচনে সরকারি দলের যে কোনো প্রভাব মোকাবেলায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে বলে জানান দলের নেতারা।