নির্বাচিত হলে সবার জন্য বসবাস উপযোগী সুস্থ নগরী গড়ে তোলাই প্রথম লক্ষ্য হবে বলে জানিয়েছেন মেয়র নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। আর ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন নির্বাচনী ইশতেহারে নগরের জনদুর্ভোগ নিরসনে তার পরিকল্পনার কথা তুলে ধরবেন।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
নগরপিতা হওয়ার লড়াইয়ে যেসব প্রার্থী ফ্রন্ট লাইনে থাকবেন বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক তার মধ্যে অন্যতম। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী সাবেক এ ব্যবসায়ী নেতার স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ফৌজদারি মামলা এবং ঋণখেলাপের কোনো অভিযোগ নেই তার নামে।
জনপ্রতিনিধি হিসেবে অতীত কোন অভিজ্ঞতা না থাকলেও নির্বাচিত প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। টিভি ব্যক্তিত্ব হিসেবেও আনিসুল হক পরিচিত মুখ।
নির্বাচনী ইশতেহারের মাধ্যমেই ঢাকা উত্তরকে ঘিরে তার প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, মেয়র নির্বাচিত হলে সকলের জন্য সুস্থভাবে বসবাসের উপযোগী একটি নগরী গড়াই তার প্রথম লক্ষ্য হবে।
তবে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়েই ভোট আদায় করতে চান না— উল্লেখ করে আনিসুল হক আরো বলেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে শুধু প্রতিশ্রুতি দেয়া নয় বরং সকল কাজের জবাবদিহি নিশ্চিত করা হবে।
এদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন বলেন, তার নির্বাচনী ইশতেহার তৈরির কাজ এগিয়ে চলছে। নগরবাসীর বিভিন্ন দূর্ভোগ নিরসনে তার পরিকল্পনার কথা তুলে ধরা হবে এতে।