ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষে উত্তরের মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন।
শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যলয়ে সকাল থেকে শুনানি শুরু হলেও আব্দুল আউয়াল মিন্টুর শুনানি শুরু হয় বিকেল ৪টার পর। ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থী মিলে আজ ২০ জনের শুনানি হয়।
শুনানি শেষে এক মেয়রপ্রার্থীসহ বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
ঢাকা উত্তর ও দক্ষিণের মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, যার মধ্যে মেয়র প্রার্থী ৫ জন। আগামীকালও শুনানি চলবে।
এদিকে, নির্বাচন কমিশনের অনুমতির আগেই প্রচারণায় নামার কারণে সম্ভাব্য প্রর্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে কমিশন। এ অভিযোগে গতকাল ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের এক সমর্থককে জরিমানা করা হয়।
দুপুরে ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী সাঈদ খোকন ও সাইফুদ্দিন আহমেদ মিলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন।