সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। অফিস-আদালত, রাস্তা-ঘাট, দোকান-পাট সব জয়গাতেই আলোচনার বিষয়বস্তু চট্টগ্রাম সিটি নির্বাচন। নগর-পিতার চেয়ারে কে বসবেন, কতো ভোটে জিততে পারেন—এ নিয়েই চলছে আলোচনা, তর্ক-বিতর্ক।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দীনকে জেতাতে ১৪দলের নেতারা প্রতিদিনই সভা-সেমিনার করছেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের সমর্থনে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নগরবাসীর আলোচনার বিষয় নির্বাচন। এর মধ্যে বিএনপি এম মনজুর আলমকে তাদের প্রার্থী ঘোষণা করায় আলোচনায় পায় নতুন মাত্রা। দিন যতো যাচ্ছে,জমজমাট হচ্ছে নির্বাচনী আলোচনাও। আগামী নগর-পিতা হিসেবে সাধারণ মানুষ কাকে বেছে নিবেন, চলছে সেই হিসাব-নিকেষ।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছিরকে নিয়ে দলীয় নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা নগরবাসীর মধ্যে এনেছে ভিন্ন আমেজ। তাকে জয়ী করতে প্রতিদিনই সভা-সেমিনার করছেন দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিন-রাত এসব সভায় যোগ দিচ্ছেন নাছির নিজেও। এমনকি নির্বাচনকে ঘিরে বৈঠক করেছেন মন্ত্রীরাও। আর এসব বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়েছে।
এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের ক্ষেত্রে সভা-সমাবেশ হয়েছে খুবই কম। সদ্য বিদায়ী মেয়র এম মনজুর আলমের নির্বাচনী অফিস ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত সভা ছাড়া, বাইরে এখনও প্রকাশ্য কোন বৈঠকের খবর নেই।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকাতেই তার পক্ষে বৈঠক কম হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উভয় পক্ষের সভা প্রচারণা আরো বাড়বে বলে ধারণা করছেন নগরবাসী।