সিটি নির্বাচনে অংশ নেয়া ঢাকা উত্তরের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রবণতা এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থীদের আচরণবিধি লংঘনের বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, প্রার্থীরা নির্বাচনী প্রচারণা ৭ এপ্রিল না ৮ এপ্রিল থেকে শুরু করতে পারবেন এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণের ২১ দিন পূর্বের কথা জানিয়েছেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ৮ তারিখ থেকে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
আচরণ বিধি অনুযায়ী ভোটগ্রহণের ২১ দিন আগে থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তাও বলছেন একই কথা। তবে তিনি কোন তারিখ উল্লেখ করতে চান নি।
এক্ষেত্রে ২৮ এপ্রিল ভোটগ্রহণ হলে ৭ এপ্রিল হয় তার পূর্বের ২১ দিনের প্রথম দিন। কিন্তু প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন ৮ এপ্রিল থেকেই।
আচরণ বিধি মেনে চলার পরিস্থিতি সন্তেষজনক জানিয়ে আচরণবিধির লঙ্ঘণের বিষয়ে কমিশন জিরো টলারেন্সে আছে বলেও জানান কর্মকর্তারা।