রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তরের বেশিরভাগ মেয়রপ্রার্থী।
‘সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা’ স্লোগান নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
নগরবাসীর সুস্থভাবে বেঁচে থাকতে বাসযোগ্য ঢাকা গড়াই তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
এছাড়া ভিন্ন ভিন্ন স্লোগানে মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, মাহী বি চৌধুরী, জুনায়েদ সাকী, ক্বাফি রতন রাজধানীর বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
মঙ্গলবার সকালে সমর্থকদের সঙ্গে নিয়ে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। এরপর সিটি নির্বাচনের জন্য শুরু করেন আনুষ্ঠানিক প্রচারণা। এসময় সুস্থভাবে বসবাস উপযোগী একটি আধুনিক ঢাকা গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা বলেন আনিসুল হক।
জাতীয় পার্টি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল তার নির্বাচনী প্রচারণা শুরু করেন উত্তরার কুশাল সেন্টারে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। মেয়র নির্বাচিত হলে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ঢাকা গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন বাবুল।
রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করেন সিপিবি সমর্থিত মেয়রপ্রার্থী কাফি রতন। তিনিও ঢাকা উত্তরকে ঘিরে তার পরিকল্পনার কথা জানান।
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক উত্তরের মেয়রপ্রার্থী জোনায়েদ সাকিও।
তিনি জানান ঢাকার পরিবর্তনই তার মূল লক্ষ্য।
এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের সঙ্গে দেখা হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। একইসঙ্গে একে অপরের সমর্থকদের ভোট প্রার্থনা করেন দুজনেই।